সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ কার্পেটিং সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ সড়কটি জলিল গাজীর বাড়ি থেকে বন্দকাটি মোঃ আমিন মডেলের বাড়ি পর্যন্ত বিস্তৃত, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর প্রত্যাশা ও দাবি হিসেবে আলোচনায় ছিল।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় এক সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এ সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে, কৃষকরা দ্রুত তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন এবং স্বাস্থ্যসেবায় পৌঁছানোও হবে আরও সহজ।
ফলে সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, সহ-সভাপতি সফির উদ্দিন সবুজ,
সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, জামায়াতে ইসলামী বিষ্ণুপুর চৌমুহনী বাজার শাখার সভাপতি শিক্ষক হাবিবুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মিন্টু সম্রাট এবং সাংগঠনিক সম্পাদক খলিল মোড়লসহ এলাকার বিশিষ্টজন ও সাধারণ জনগণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণ কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ঠিকাদার মোঃ আব্দুল হাকিম এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আসাদুল ইসলাম। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।
এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে তারা একটি আধুনিক, টেকসই ও নিরাপদ সড়ক সুবিধা উপভোগ করতে পারবেন।
এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা গ্রহণ, কৃষি উৎপাদন পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সামগ্রিকভাবে এলাকার জীবনমান উন্নত হবে।